স্থানীয় সরকার নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিলে। ৯ অক্টোবর ২০২৬, ঢাকা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিলে। ৯ অক্টোবর ২০২৬, ঢাকাছবি: ইসলামী আন্দোলনের সৌজন্যে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে চরমোনাই পীর এই আহ্বান জানান। ইসলামী আন্দোলনের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিল ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারই এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। কোনো সরকারই শ্রমিকবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা ও শ্রমব্যবস্থা গড়ে তোলেনি। শ্রমিকদের কাঙ্ক্ষিত মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল নেতাদের প্রার্থী হতে বলেন চরমোনাই পীর। একই সঙ্গে দলের প্রার্থীদের বিজয়ী করতে ইসলামী শ্রমিক আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে রেজাউল করীম বলেন, অটোরিকশাচালকদের ওপর জুলুম-নির্যাতন না করে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ দিকনির্দেশনার মাধ্যমে তাঁদের সুশৃঙ্খলভাবে যানবাহন চালানোর সুযোগ করে দিতে হবে। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ও অধিকার রক্ষা করে একটি সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলা জরুরি। শ্রমিকদের মুক্তি, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দেশে চাঁদাবাজি বন্ধ করে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও আশরাফ আলী আকন অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতীয় কাউন্সিল থেকে চরমোনাই পীর আগামী ২০২৭-২৮ বর্ষের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে মুহাম্মাদ খলিলুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি ও এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে।

Source: https://www.prothomalo.com/politics/5staka3n3h

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here