সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা

logo

স্পোর্টস রিপোর্টার

৮ ডিসেম্বর ২০২৫, সোমবার mzamin

facebook sharing button

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচেই অবশ্য সমতায় ফিরেছিল টাইগ্রেসরা। এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিলো বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিন ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।
কক্সবাজারে এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাত্র ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৬ রান। দলের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন। ৮৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে তৃতীয় উইকেট জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম জুটি গড়েন। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।