সারা দেশে ১৯২১ ও ঢাকায় গ্রেপ্তার ৩৯২

24 Live Newspaper

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ জোরদার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৯২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কেবল রাজধানীতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জালে আটকা পড়েছেন ৩৯২ জন। বুধবার পুলিশ সদর দপ্তর ও ডিএমপির পক্ষ থেকে পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রতীকী ছবি

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ৩৯২ জনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এছাড়া আটক বাকি ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অথবা এজাহারনামীয় অভিযুক্ত। অপরাধ দমন ও নগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বের হওয়ার ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে বিভিন্ন ধরনের ৭৬৯টি যানবাহনে তল্লাশি চালানো হয় এবং এ সময় সন্দেহভাজন আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৯২১ জনের মধ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ১ হাজার ৩৯৮ জনকে ধরা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছেন ৫২৩ জন। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি ফায়ার করা গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ১১টি দেশীয় অস্ত্র এবং ১২টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এ সময় একটি একনলা বন্দুক, দুটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু ও গুলি জব্দ করা হয়।