মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা

Amar Desh

স্টাফ রিপোর্টার

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়মুক্ত সুশাসন দেখতে চায়। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আয়োজিত ইফতার মাহফিল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন- কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মো. রুহুল আমিন এবং নেত্রকোণা-৫ আসনের এমপি মাসুম মোস্তফা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা ফুল দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যদের বরণ করে নেন। তারা সবাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে নির্বাচন করে বিজয়ী হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজারুল আলম মিলন।

বক্তব্য রাখেন- এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই, অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল অ্যালামনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামানিক, অ্যাডভোকেট গাজী মহসিন, অ্যাডভোকেট আসাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শিল্পীরা হামদ, মাহে রমজান ও ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

Source: https://www.dailyamardesh.com/politics/jamaat/amdaa1claawow