বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:১২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন—‘মজা’।

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেন এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি পরীমনি। তবে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার জেরে অভিনেত্রীর জীবনে যে আইনি ও ব্যক্তিগত জটিলতা তৈরি হয়েছিল, তার সঙ্গে এই প্রতিক্রিয়ার সম্পর্ক থাকতে পারে।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক।

এর আগে ২০২৪ সালের ৪ মে দেশ ছেড়েছিলেন সাবেক এই আইজিপি। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি প্রতিক্রিয়া জানালেও পরীমনির এক শব্দের মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে।

Source: https://www.kalbela.com/entertainment/dhallywood/299583

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here