বিজিবির বাধায় নির্মাণাধীন রিং ব্রিজ রেখেই সরে গেল বিএসএফ

Independent Television

মাহফুজ রহমান, লালমনিরহাট
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

বিজিবির বাধায় নির্মাণাধীন রিং ব্রিজ রেখেই সরে গেল বিএসএফ

মাহফুজ রহমান, লালমনিরহাট
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণাধীন একটি রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধবলসুতি বিওপির সীমান্তবর্তী ৮২৮/২ এস পিলারের কাছে একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। অভিযোগ রয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে। তবে বিজিবির সতর্ক নজরদারিতে বিষয়টি দ্রুত ধরা পড়ে।

এ বিষয়ে ধবলসুতি বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. হাসিব জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা নির্মাণাধীন রিং ব্রিজ রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের একতরফা ও অননুমোদিত স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘনের শামিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।