বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে পর্তুগিজ যুবরাজের অবিশ্বাস্য গোল

24 Live Newspaper

ফুটবল মাঠে প্রায়ই অবিশ্বাস্য সব ঘটনার জন্ম দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স চল্লিশের কোঠায় হলেও তার গোল করার ক্ষুধা ও দক্ষতা যে কমেনি, তার প্রমাণ তিনি বারবারই দিয়ে চলেছেন। এবার সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে এক অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল করে ফুটবল বিশ্বকে আবারও তাক লাগিয়ে দিয়েছেন পর্তুগিজ যুবরাজ।

ছবি – সংগৃহীত

ঘটনাটি ঘটে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। আল নাসর তখন ৩-১ গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল। ম্যাচের যোগ করা সময়ের ৯৬ মিনিটে সতীর্থ নাওয়াফ বাওশালের বাড়ানো ক্রসে বক্সের ভেতর পিঠ ফিরিয়ে থাকা রোনালদো শরীর শূন্যে ভাসিয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান। খালেজ গোলরক্ষক আন্থনি মারেজের পক্ষে সেই শট ঠেকানো সম্ভব ছিল না।

ফুটবলে বাইসাইকেল কিকের গোল খুব সাধারণ ঘটনা নয়। এমন গোল করতে নিখুঁত টাইমিং ও অসাধারণ শারীরিক দক্ষতার প্রয়োজন হয়। রোনালদো ঠিক সেটাই করে দেখিয়েছেন। গোল করার পরপরই তিনি সতীর্থদের সঙ্গে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

ম্যাচ শেষে রোনালদো তার এই বিশেষ গোলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তবে তিনি নিজে কোনো ক্যাপশন না দিয়ে ভক্তদের কাছে সেরা ক্যাপশন আহ্বান করেন। তিনি লেখেন, ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ তার এই পোস্টে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আকাশে ভাসিয়ে দেওয়া বলটির গন্তব্য শুধুই জালের ভেতর।’ আরেকজন মন্তব্য করেন, ‘তিনি আবারও মনে করিয়ে দিলেন, মুকুটটি তারই মাথায় মানায়।’

এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। ৯ ম্যাচ খেলে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। আল নাসরের পরবর্তী ম্যাচ এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের বিপক্ষে অনুষ্ঠিত হবে।