- ২৪ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নামে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া প্রতীক জটিলতায় আটকে আছে। দলটির চাওয়া ‘শাপলা’ প্রতীক ইসির বিধিবদ্ধ তালিকায় না থাকায় তাদের নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি আটকে গেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, এনসিপিকে তাদের পছন্দের প্রতীক নিশ্চিত করার জন্য একটি চিঠি দেওয়া হবে। চিঠির উত্তর পাওয়ার পর তাদের দেওয়া প্রতীক উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানা গেছে, এনসিপি প্রথমে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকের জন্য আবেদন করেছিল। পরে তারা ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’ প্রতীকের ওপর জোর দেয়। কিন্তু ইসির ১১৫টি প্রতীকের তালিকায় এগুলোর কোনোটিই নেই। নিয়মানুযায়ী, একটি দলকে ইসির সংরক্ষিত তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হয়।
এর আগে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী তাদের দাবিকৃত প্রতীক না দেওয়াকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছিলেন এবং এই প্রতীকগুলোর মাধ্যমেই নিবন্ধন নেওয়ার বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন। এটা তাদের বলার অধিকার আছে। আমরা শুনেই যাব এবং আমরা যথারীতি আইন মোতাবেক কাজ করেই যাব। আমরা মোটেও হুমকি মনে করি না’।
ইসি সচিবালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য যাচাই-বাছাই করা হয়। দুটি দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ১৩টি দলকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয় লীগের প্রতীক নিয়ে কোনো জটিলতা না থাকায় তাদের নিবন্ধন প্রক্রিয়া প্রায় সম্পন্ন।









