- ২৪ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সামনে রেখে রাজধানীতে ফের নাশকতার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও রেলস্টেশনে একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুজনকে আটক করেছে।

এর আগে সন্ধ্যায় ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইসঙ্গে মিরপুর, শান্তিনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও ঘটনার বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বলেন, দুর্বৃত্তরা রাত পৌনে ১০টার দিকে স্টেশনে থাকা একটি পুরনো বগিতে আগুন দেয়। দ্রুত আগুন নেভানো হয়েছে, হতাহতের খবর নেই।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল বলেন, কয়েকজন যুবক ট্রেনের বগিতে আগুন দেওয়ার পর পালানোর চেষ্টা করলে রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুইজনকে আটক করে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, ধোলাইপাড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, আগুন লাগার ঘটনাটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে পুলিশকে জানানো হয়েছে।
একইসঙ্গে রাজধানীর অন্তত তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মিরপুর মডেল থানা এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দুর্বৃত্ত পুলিশ চেকপোস্টের পাশে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এছাড়া শান্তিনগরের টুইন টাওয়ারের সামনেও বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, এসব বিস্ফোরণ ‘লকডাউনকে ঘিরে ভয়ভীতি ছড়ানোর অংশ হতে পারে।’
অন্যদিকে, রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিশেষ টহল জোরদার করেছেন।









