- ২৪ ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যেই বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করতে তিনি তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন। তিনি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও ‘সমসাময়িক বিষয়’ নিয়ে আলোচনার কথা বলা হয়েছে, তবে এর পেছনে নির্বাচনী প্রস্তুতিকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি আসিফ মাহমুদ ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসনের ভোটার হওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
এদিকে, সরকারি পদে থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা অন্য কোনো লাভজনক পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি প্রার্থীদের পক্ষে তাদের প্রচার চালানোরও কোনো সুযোগ নেই।
ইসি সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি দায়িত্বে থেকে প্রচার চালানো নিষিদ্ধ। যেহেতু প্রচারের সুযোগ নেই, সেহেতু প্রার্থী হওয়ারও সুযোগ থাকে না। এ কারণেই নির্বাচনে অংশ নিতে পদত্যাগই একমাত্র বিকল্প। এই আইনি বাধ্যবাধকতার কারণে আসিফ মাহমুদের সংবাদ সম্মেলন ঘিরে পদত্যাগের জল্পনা তীব্র হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে। এসব জল্পনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, উপদেষ্টার পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।









