
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোরি ইওয়াও বলেছেন, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলকে যুক্ত করার পরিকল্পনায় জাপান সর্বাত্মক সহযোগিতা করবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) মেঘালয়ের রাজধানী শিলংয়ে পররাষ্ট্রনীতি বিষয়ক এক সম্মেলনে বক্তৃতাকালে সফররত এই জাপানি প্রতিনিধি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও নেপালকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা গেলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো ‘প্রবৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তি’ হিসেবে আবির্ভূত হতে পারে।
শিলং-ভিত্তিক পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ষষ্ঠ ভারত-জাপান ইন্টেলেকচুয়াল কনক্লেভ-এ হোরি ইওয়াও বলেন, ‘জাপান উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগ স্থাপনে সহায়তা করবে। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উত্তর-পূর্ব ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।’ উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে জাপান ‘দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা যখন এই অঞ্চলকে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে গঠিত একটি বৃহত্তর অর্থনৈতিক অঞ্চলের অংশ হিসেবে দেখি, তখন এটি প্রবৃদ্ধির এক শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করার বিশাল সম্ভাবনা তৈরি করে।’
হোরি ইওয়াও বলেন, উত্তর-পূর্ব ভারত ও পার্শ্ববর্তী এলাকার মধ্যে সংযোগ বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-র নেতৃত্বাধীন জাপানের নতুন সরকার উত্তর-পূর্ব ভারতের জনগণের সঙ্গে জাপানিদের নিবিড় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, সেমিকন্ডাক্টর ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি খাতের সহযোগিতা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের ২৯-৩০ আগস্ট জাপান সফর করেছিলেন। ওই বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সাইডলাইনে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও তার বৈঠক হয়। এর ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগিকে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে স্বাগত জানান।
হোরি ইওয়াও বলেন, জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ নীতির অংশ হিসেবে তারা একটি ‘ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন’ নিয়ে কাজ করবেন, যা বঙ্গোপসাগরকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করবে। তিনি আরও বলেন, ‘জাপান উত্তর-পূর্ব ভারতকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করবে এবং পুরো অঞ্চলের সামগ্রিক উন্নয়নে কাজ করবে।’
Source: https://www.tbsnews.net/bangla/international/news-details-460156








