শেখ হাসিনার দুই লকারে মিলল ৮৩২.৫ ভরি স্বর্ণ

24 Live Newspaper

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি ভল্ট থেকে ৮৩২.৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি যৌথ দল আদালতের অনুমতি সাপেক্ষে ভল্ট দুটি খোলে।

শেখ হাসিনা

সূত্রমতে, দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে থাকা ৭৫১ (চাবি নং ১৯৬) এবং ৭৫৩ (চাবি নং ২০০) নম্বর লকার দুটি খোলা হয়। এর আগে কর ফাঁকি ও আর্থিক দুর্নীতির তদন্তের অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর সিআইসি লকার দুটি জব্দ করেছিল।

এই অভিযানটি পরিচালনা করা হয় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পরিপ্রেক্ষিতে। গত ১৭ নভেম্বর দেওয়া ওই রায়ে আদালত ফেরারি আসামিদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যাংকে থাকা তার সম্পদ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সিআইসির গোয়েন্দারা রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করে। একই দিন ওই শাখায় তার দুটি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া যায়, যার একটিতে প্রায় ১২ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা ছিল। তবে গত ১৭ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা তার আরেকটি ভল্ট খোলা হলেও সেখানে মূল্যবান কিছু পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানান।