- ২৪ ডেস্ক
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় লাঠি হাতে মারধরের ভিডিওতে দেখা যাওয়া মেরুন রঙের পোলো শার্ট পরা যুবকের পরিচয় মিলেছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার ওসির গাড়িচালক হিসেবে কর্মরত পুলিশ কনস্টেবল মিজান।

শনিবার (৩০ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, আমরা ভিডিও ফুটেজ থেকে তার পরিচয় শনাক্ত করেছি। ঘটনাস্থল থেকে তাকে কেন এবং কোন পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছিল, সেটি নিয়েও তদন্ত চলছে।
সেই সংঘর্ষের ভিডিওতে দেখা গেছে, মিজান লাঠি হাতে নির্বিচারে মানুষকে আঘাত করছেন। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
জাপা নেতারা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পর আকস্মিকভাবে হামলা চালানো হয়।
অন্যদিকে গণঅধিকার পরিষদের অভিযোগ, প্রথমে জাপা সমর্থকেরাই ইটপাটকেল নিক্ষেপ করে তাদের মিছিলে হামলার উস্কানি দেয়।
সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
হামলায় নুরের মাথায় গুরুতর আঘাত লাগে, নাকের হাড় ভেঙে যায় এবং চোখের ক্ষতি হয়।চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।








